
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, দিন-তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে। দীর্ঘ সংগ্রাম ও শোক ধারণ করেই দলটি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপিকে ন্যূনতম ক্ষতি করতে বা আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি।
শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে রিজভী বলেন, বিষয়টি দলের পক্ষ থেকে আমলে নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।